মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
সরাইল শহীদ মিনারে এসে হট্টগোলের কারণে ফুল না দিয়েই ফিরে গেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তার ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। একুশের প্রথম প্রহরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন প্রস্তুতি নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার উপস্থিতিতে ফুল দিতে সেখানে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
ফুল দেয়ার কয়েক মিনিট পরে উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় একদল নেতাকর্মী রুমিন ফারহানার দিকে তেড়ে গিয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকলে তার সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। এতে শহীদ মিনার এলাকায় হট্টগোলের সৃষ্টি হয় এবং উভয় পক্ষের কয়েকজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির দিকে গেলে ফুল না দিয়েই নেতাকর্মীদের নিয়ে এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।
পরে সাংবাদিকদের কাছে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ও তার কর্মীদের ওপর হামলা করেছে। ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিজয় মেনে নিতে না পেরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা–সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় আগুন জ্বালিয়ে কিছু সময় সড়ক অবরোধ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, ঘটনাটি দুঃখজনক। উভয় পক্ষই শৃঙ্খলা মেনে চললে ভালো হতো। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ধরনের আচরণ নিন্দনীয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।