সংবাদ বিজ্ঞপ্তি:
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ সাজ্জাদুল করিম, এফএলএমআইকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী তিন বছরের জন্য এই নিয়োগ অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার নিয়োগ কার্যকর হবে ১৪ জানুয়ারি ২০২৬ থেকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জীবন বীমা খাতে দীর্ঘ ও বহুমাত্রিক অভিজ্ঞতার আলোকে মোহাম্মদ সাজ্জাদুল করিমকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জীবন বীমা শিল্পে ম্যাক্রো ও মাইক্রো—উভয় পর্যায়েই ২৭ বছরেরও বেশি সময় নেতৃত্বমূলক ভূমিকায় কাজ করেছেন। জীবন, স্বাস্থ্য ও পশুপালন খাতে বীমা ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
এর আগে তিনি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, পিকেএসএফ, আইএনএএফআই এবং অ্যালিকো বাংলাদেশ (বর্তমানে মেটলাইফ)–এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বীমা খাতের নীতিনির্ধারণ, পণ্য উন্নয়ন, বিক্রয় ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সুশাসন জোরদারে কার্যকর ভূমিকা রাখেন।
শিক্ষাগত যোগ্যতায় মোহাম্মদ সাজ্জাদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ এবং অ্যাকাউন্টিংয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক লাইফ অফিস ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (লোমা) থেকে লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ফেলো (এফএলএমআই) উপাধি লাভ করেন—যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পেশাদার সনদ।
আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার নিয়োগ অনুমোদন প্রাপ্তিতে মোহাম্মদ সাজ্জাদুল করিমকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, তার দক্ষ নেতৃত্বে ২০২৬ সালে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, সুশৃঙ্খল সংগঠন গঠন এবং গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।
এছাড়া তাকে সিইও হিসেবে অনুমোদনের জন্য বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থার দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে তারা বীমা খাতে স্বচ্ছতা, সুশাসন ও পেশাদার ব্যবস্থাপনা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।