তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতাস মিশন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত বার্ষিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগায়। অনুষ্ঠানটির আয়োজন করে তিতাস মিশন স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও পরিচালকবৃন্দ। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।