মোঃ রমিজ উদ্দিন, তিতাস কুমিল্লা :
নির্বাচনী তফসিল ঘোষণার পর কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে নির্বাচনী মাঠে তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার তিনি হোমনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপি, হোমনা পৌর বিএনপি এবং তিতাস উপজেলা বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতৃবৃন্দ। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া একজন পরীক্ষিত, জনপ্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা। তার নেতৃত্বে কুমিল্লা-২ আসনে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আপসহীনভাবে কাজ করবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে কুমিল্লা-২ আসনের সাধারণ মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।