কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন কাতার প্রবাসী মোহাম্মদ শিমুল। এই সুযোগে ফাঁকা বাড়িতে দিনদুপুরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ডাকাতি চালিয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ শিমুলের বাড়িতে। শিমুল এই গ্রামের মোহাম্মদ মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রবাসী বর মোহাম্মদ শিমুল নিজ বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়িটি দীর্ঘ সময় ফাঁকা থাকার বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা বাড়ির বিল্ডিং এর বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় বিশ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং একাধিক দামি মোবাইল ফোন লুট করে নেয়।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়িতে ডাকাতির খবর পান বর শিমুল। পরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান, ভবনের বারান্দা দিয়ে প্রবেশ করে আলমারি ভাঙচুর করা হয়েছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।