নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন জিটিভির বিশেষ প্রতিনিধি এবং সাংবাদিক মহলের পরিচিত মুখ মাহমুদ সোহেল। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বহু বছরের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাংবাদিকতার প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি।
মাহমুদ সোহেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন খ্যাতিমান গণমাধ্যমে সফলভাবে কাজ করে আসছেন। তিনি কর্মজীবন শুরু করেন দৈনিক আজকের প্রতিদিন পত্রিকায়। পরবর্তীতে দায়িত্ব পালন করেন দৈনিক কালবেলা, এটিএন নিউজ, এসএটিভি, দেশ টিভি এবং দিগন্ত টিভি—এসমস্ত প্রতিষ্ঠিত মিডিয়া সংস্থায়। ধারাবাহিক সাফল্যের এই পথে তিনি বর্তমানে গাজী টেলিভিশন (জিটিভি)-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ, আন্তরিক ও প্রযুক্তিবান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত। পেশাগত অভিজ্ঞতা, আধুনিক সংবাদ সংগ্রহ কৌশল ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা তাঁকে ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে উপযুক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তাঁর বিজয় ডিআরইউর সদস্যদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। তথ্যপ্রযুক্তির উন্নয়ন, সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা ও আধুনিক মিডিয়া পরিবেশকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সহকর্মীদের।
নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মাহমুদ সোহেলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর নেতৃত্বে ডিআরইউ আরও এগিয়ে যাবে—এটাই সবার আশাবাদ।