নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
দিনের শুরুতেই সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিবসটিকে কেন্দ্র করে আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। একই সঙ্গে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপির উদ্যোগে র্যালি, মানববন্ধন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি হাতে নিয়েছে। শ্রমিক দল, ছাত্রদল, তাঁতী দল, কৃষকদল, ওলামা দল ও জাসাস—প্রতিটি সংগঠন তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।
দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে ১২ নভেম্বর কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জীবন, অবদান ও জাতীয় বিপ্লব-সংহতি দিবসের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি, ভিডিও ও স্থিরচিত্র অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হবে। দিবসের স্মরণে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হচ্ছে।
বিএনপি জানিয়েছে, ৭ নভেম্বরের এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং জাতীয় ঐক্য পুনরুদ্ধারের আহ্বান জানাতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।