ক্রাইম রিপোর্টারঃ
গাজীপুর জেলার কালিগঞ্জ থানার প্রাচীন ও ঐতিহ্যবাহী মণ্ডল পরিবার আজ মারাত্মক দুঃসময়ের মুখোমুখি। অভিযোগ উঠেছে—কুমিল্লা–১ আসনের সাবেক সংসদ সদস্য এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া ভুয়া কাগজপত্র ব্যবহার করে শ্রী হরি নারায়ণ মণ্ডলের পৈত্রিক সম্পত্তি জবরদখল করেছেন। ৯০ বছর বয়সী এই বৃদ্ধ হিন্দু নাগরিক আজ নিজের জীবন রক্ষার জন্য এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভিটেমাটি হারানো পরিবারটি এখন সম্পূর্ণ অসহায়। এ মামলাটি বর্তমানে ভূমি আপিল বোর্ডে বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, “একটি অসহায় হিন্দু পরিবারকে তাদের পৈত্রিক জমি থেকে উচ্ছেদ করা শুধু অন্যায় নয়, এটি মানবাধিকার ও সাম্প্রদায়িক শান্তির ওপর সরাসরি আঘাত।” তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, দ্রুত হস্তক্ষেপ করে ভূমিদস্যুর হাত থেকে পরিবারটিকে রক্ষা করতে হবে।
একই সময়ে সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে জানিয়েছে, তিনি সড়ক ও পরিবহন প্রকল্পের সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করেছেন। রাজধানীর কাঁঠালবাগানে ১৩ তলা টাওয়ার, মহাখালী ডিওএইচএসে একাধিক ফ্ল্যাট এবং গাজীপুর ও কুমিল্লার গ্রামাঞ্চলে বিস্তীর্ণ জমি—এসব সম্পদের উৎসে গুরুতর অসঙ্গতি পাওয়ায় দুদক ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
দুদকের প্রাথমিক অনুসন্ধান বলছে, “বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিদ আলী ভূঁইয়া তার প্রভাব ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির চেষ্টা করেছেন।” এই তথ্য সমাজে বড় উদ্বেগ সৃষ্টি করেছে।
সচেতন মহল এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে, “দুর্নীতি ও জমিদখল—দুটি গুরুতর অভিযোগই প্রকাশ করছে ক্ষমতার অপব্যবহার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা। দ্রুত পদক্ষেপ না নিলে এর প্রভাব সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।”
স্থানীয়রা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন—
১. শ্রী হরি নারায়ণ মণ্ডল এর নিরাপত্তা ও আশ্রয় প্রদান
২. তাদের পৈত্রিক সম্পত্তি ফেরত নিশ্চিত করা
৩. সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে জমিদখল ও দুর্নীতির বিচার করা
৪. সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ রক্ষায় কঠোর নজরদারি বৃদ্ধি
এ ঘটনার মাধ্যমে উঠে এসেছে বড় প্রশ্ন—আইনের শাসন কি প্রভাবশালী ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, নাকি একটি অসহায় হিন্দু পরিবারের আর্তনাদ নীরবেই হারিয়ে যাবে? নাগরিক ও মানবাধিকার সংগঠন আশা করছেন, সরকার এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে এবং একটি শক্তিশালী ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করবে।
(চলমান)