গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ধর্ম অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি ওয়েবসাইটের সম্পাদক, উপসম্পাদক, সহসম্পাদক ও লেখকসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বায়েজীদ শেখ বাদী হয়ে মামলাটি করেন। গত ২৩ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি ফৌজদারি দণ্ডবিধির ২৯৫, ৫০০ ও ৩৪ ধারায় দায়ের করা মামলাটি গ্রহণ করেন। মামলার নম্বর সিআর-৯৮/২০২৫।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘এথিস্ট নোট’ ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও কটূক্তিমূলক লেখা প্রকাশ করা হচ্ছে।
মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে রয়েছেন কমল চন্দ্র দাস, নুসরাত সুজানা নওরিন ও মো. আল আমিন কায়সার, ফাহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মো. জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, মো: আবির হোসাইন, মো: ফাহাদ হোসাইন, মো: মিজানুর রাহমান, মো: আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মো: রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো: মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম সহ অন্যান্য।
শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আদালত টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘মামলাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।’
মামলার বিষয়ে বক্তব্য জানতে ‘এথিস্ট নোট’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সফল হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৪ মার্চ।