কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামে ঘটে যাওয়া আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় ২ মাস ১৮ দিন অতিবাহিত হলেও এখনো হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতদের পরিবারের সদস্যরা এখনো অজানা আতঙ্কে মুখ খুলতে চাইছেন না বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই স্বজনদের আচরণে ভীত-সন্ত্রস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা খোলামেলা কথা বলতে অনীহা প্রকাশ করায় ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
গ্রামবাসীদের মতে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তকারী সংস্থার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা বলছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কল রেকর্ড ও মোবাইল ডাটা বিশ্লেষণ, পরিবারের সঙ্গে কারও বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মহল্লাবাসীর বক্তব্য গ্রহণ, বিশেষ করে ঘটনার রাতে বাড়িতে অবস্থানকারীদের বিস্তারিত জবানবন্দি নেওয়া জরুরি।
স্থানীয়দের দাবি, নিহত সুখি আক্তারের জা, নিহত হাসানের মা, সুখি বেগমের মেয়ে এবং শ্বশুরবাড়ির লোকজনও গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হতে পারেন। এছাড়া পরিবারের সঙ্গে কারও জমিজমা, পারিবারিক বা সামাজিক বিরোধ ছিল কিনা, কিংবা এ নিয়ে কোনো সালিশ বৈঠক হয়েছিল কিনা—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা উচিত।
সরেজমিনে গিয়ে জানা গেছে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ধীরে ধীরে অসন্তোষ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, সঠিক ও নিরপেক্ষ তদন্ত হবে কিনা, নাকি কোনো প্রভাবশালী মহলের ইশারায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য অমীমাংসিতই থেকে যাবে।
এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), তার শিশু পুত্র মো. হোসাইন (৪) এবং ভাতিজা জোবায়ের (৫)-কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে জহিরুল ইসলাম দেশে এসে নিহতদের দাফন-কাফন শেষে পুনরায় প্রবাসে ফিরে যান।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, “বিভিন্ন বিষয়কে সামনে রেখে পুলিশসহ একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে। তদন্ত চলমান রয়েছে, সময় হলে সবকিছু জানানো হবে।”