তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি:
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন ও জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম।
বক্তারা বলেন, নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যান দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তথ্য সংগ্রহে সহযোগিতা ও পরিসংখ্যান সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।