মেহেরপুর জেলা প্রতিনিধি: সাদ আহাম্মদ :
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে আজ (শনিবার) বিকেল চারটার দিকে এক জনসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
গণমিছিলে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য রাখেন মাসুদ অরুণ। তিনি বলেন, “দেশ আজ এক সংকটকাল অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়ানোর। জনগণের শক্তিই দেশের প্রকৃত পরিবর্তনের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল, তাই দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত হয়ে সাবেক এমপি মাসুদ অরুণের বক্তব্যে সমর্থন জানান।