কুুমিল্লা প্রতিনিধি, মোঃরমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা আইসিটি ফোরাম কুমিল্লার আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ বলেন, “এআই আজ কল্পনার জগতে সীমাবদ্ধ নয়; এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। চিকিৎসা, শিক্ষা, কৃষি, শিল্প থেকে শুরু করে ঘরে-বাইরের নানা কাজে এআই ব্যবহার হচ্ছে।”
সেমিনারের সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন। প্রধান বক্তা হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল কাদের বলেন, “ডাক্তাররা রোগ নির্ণয়ে, শিক্ষার্থীরা পড়াশোনায়, কৃষকরা জমিতে চাষাবাদে এবং ব্যবসায়ীরা উৎপাদন ও বিপণনে এআই-এর সহায়তা পাচ্ছেন।”
বিকেলে সমাপনী পর্বে জেলা শিক্ষা অফিসার ও জেলা আইসিটি ফোরামের প্রধান উপদেষ্টা মো. রফিকুল ইসলাম বলেন, “এআই ব্যবহারের ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। কর্মসংস্থান হ্রাস, তথ্য নিরাপত্তা ও নৈতিকতার ঝুঁকি এড়িয়ে আমাদের এআই-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ করে তুলতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “এআই আমাদের জীবনকে সহজতর, দ্রুততর ও উন্নত করার হাতিয়ার। শিক্ষাক্ষেত্রে এর সঠিক ব্যবহার আয়ত্ত করা এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা আইসিটি ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক মো. কবির খান। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মো. আজিম খান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজামান শুভ।
দিনব্যাপী সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মহিম চন্দ্র বিশ্বাস, স্কুল অব ফিউচার প্রজেক্ট ও আইসিটি ডিভিশনের মাস্টার ট্রেইনার ওমর ফারুক এবং ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ।
সেমিনারে কুমিল্লা জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জেলা অ্যাম্বাসেডর শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষকরা শিক্ষায় এআই-এর ব্যবহার, চ্যাটজিপিটি, কিউরিপড, ক্যানভা এআই, গুগল ফর্ম, সক্রেটিক বাই গুগলসহ আধুনিক টুলস নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।