মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা :
“বর্তমান দেশে মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই এর সমাধান। পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাছিমপুর গ্রামের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১আগস বিকেল ৫টায় মাছিমপুর পূর্ব পারা বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী প্রদান করেন। জার্মানি প্রবাসী তৌহিদুজ্জামান খোকন বলেন- “মাদক একটি নীরব ঘাতক। এটি একজন মানুষের বিবেক, নৈতিকতা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত শুধু নিজের জীবনই নয়, তার পরিবার ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যাক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান, আবুল হোসেন বুলবুল, নুরুল ইসলাম, মীর শওকত লিটন, ইউপি সদস্য শান্তি মিয়া, গাজীপুর সরকারি কলেজের প্রফেসর অহিদুজ্জামান সোকন, ব্যাঙ্কার আবদুল আজিজ, তরুণ সংঘের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা বর্তমানে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবার ধ্বংস হচ্ছে, বাড়ছে অপরাধ ও সহিংসতা। সম্প্রতি মাদকের প্রভাবে ছেলের হাতে মা নিহত হওয়া এবং মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাগুলো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তারা বলেন, “আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে চাই না। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, তরুণ সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র্যালী মাছিমপুর সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এবং মিছিলে তারা হুসিয়ারী মুলক স্লোগান দেন “হয় মাদক ছাড়ো নাহয় মাছিমপুর ছাড়ো।”