কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার শিবপুর গ্রামের ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলীর প্রায় ৮ লক্ষ টাকার অর্থায়নে নির্মাণ করা হয়েছে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর নুরে মোহাম্মদীয়া (সঃ) মোহেব্বিয়া দীনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর গেইট। নবনির্মিত গেইটে প্রবাসীর পিতা মরহুম সেকান্দর হোসেনের মাষ্টারের নাম লিখতে বাধা দিচ্ছেন গ্রামের একাধিক ব্যক্তি।
জানা যায়, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী শিবপুর গ্রামের মরহুম সেকান্দর মাষ্টারের ছেলে। তিনি প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে গৌরিপুর টু হোমনা সড়কের শিবপুর স্টেশনে মাদ্রাসার প্রবেশ পথের মাথায় এই গেইটটি নির্মাণ করেন। নবনির্মিত গেইটে যখন মাদ্রাসার নাম ও সৌজন্যে প্রবাসীর পিতা মরহুম সেকান্দর হোসেনে মাষ্টারের নাম সম্বলিত নেইম প্লেট লাগাতে যায় তখনই গ্রামবাসীর পক্ষে কয়েকজন বাধা দেন বলে অভিযোগ করে ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী।
তিনি বলেন, মাদ্রাসার গেইট নির্মাণের জন্য আগে দুই জন দায়িত্ব নিয়ে ছিলো কিন্তু তারা দুই বছরেও গেইটটি করতে পারেননি। এবছর মাদ্রাসা পরিচালনা কমিটি আমাকে গেইটটি করে দেওয়ার জন্য বললে, তখন পরিচালনা কমিটিকে বলা হয়েছে গেইটে স্বরণে আমার বাবার নাম থাকবে। তারা রাজি হয়, এই কথার ওপর আমি গেইটটি নির্মাণ করি। যখন আমার বাবার নাম লিখতে যাই তখনই কয়েকজন বাধা দেয়, আমি এর প্রতিকার চাই।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, গেইটে কোনো ব্যক্তির নাম লিখার কথা হয়নি, আমাদের মাদ্রাসায় যারা অনুদান দিয়েছে তাদের জন্য মাদ্রাসার ভিতরে একটি ব্লাক বোর্ড আছে, ওই বোর্ডে সবার নাম লিখা হয়। ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলীর বাবার নামও ওই বোর্ডে লিখা থাকবে। এই নিয়ম সকলের জন্য সমান। যদি তাই না হয়, তাহলে গেইট নির্মাণে যত টাকা ব্যয় হয়েছে আমরা মাদ্রাসার ফান্ড থেকে দিয়ে দিব।