আলী আহসান রবি :
ঢাকা, ০১ জুন ২০২৬
কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রো রেল এলাকার গাছপালা যে আংশিক ক্ষতি হয়েছিল, নুতন করে গাছ লাগিয়ে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং আগের চেয়ে আরো অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
আজ কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এ সময় প্রশাসক জানান, সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ আই ছবি দিয়ে উত্তরার মেট্রো রেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।
মেট্রো রেলের সুন্দর ও মনোরম পরিবেশের সবুজায়ন সরজমিনে দেখার জন্য সাংবাদিকদের পরিদর্শন করে এ নিয়ে জনগণের মাঝে সঠিক ও সত্য সংবাদ প্রচার করার আহ্বান জানান প্রশাসক।
প্রশাসক বলেন, কোরবানি পরবর্তী সাধারণ মানুষ যেন ভালো কাজ গ্রহণ করে, এজন্য এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রশাসক আরো জানান, ক্লিন ও গ্রীন ঢাকা বাস্তবায়নে আজ ঢাকা পলিটেকনিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য ঢাকা পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান প্রশাসক।
প্রশাসক বলেন, ঈদ পরবর্তী ৭২ ঘন্টা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইজারাকৃত পশুর হাটগুলোর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিটি হাট পরিদর্শন শেষে লক্ষ্য করা গেছে ,অনেকগুলো হাটের পশুর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ করা হয়েছে এবং বাকিগুলো অপসারণ কাজ চলমান রয়েছে।
কোরবানির বর্জ্য অপসারণসহ নগর উন্নয়ন ও নগর পরিকল্পনায় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, কোরবানি পরবর্তী নগরবাসী ও সাংবাদিকদের সহযোগিতায় নগরের প্রতিটি অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রতিদিনের গৃহস্থালির বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।
এদিকে , প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন , ইজারাদারগন ঈদ পরবর্তী বর্জ্য অপসারণ ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছে এবং আমি নিজে প্রতিটি হাট পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছি এবং তারপরও যদি কোন ইজারাদার কাজে গাফিলতি করেন,তাহলে জামানত থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।