কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গোমতী নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে পানিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর দেওয়া আবেদনপত্র প্রকাশ হলে তা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর থেকে ঘোষকান্দি যাওয়ার সড়কের দাশকান্দি বাজার সংলগ্ন অংশ দিয়ে প্রবাহিত গোমতী নদীর তীব্র ভাঙনে গুরুত্বপূর্ণ সড়কটি বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। অব্যাহত নদীভাঙনে স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
তিনি আরও বলেন, আর মাত্র প্রায় ২০ মিটার ভাঙন হলেই সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এই সড়কটি তিনটি ইউনিয়নের প্রধান সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। ফলে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
সংসদ সদস্য তাঁর আবেদনে নদীভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে ব্লক ফেলে প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীভাঙন চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সংসদ সদস্যের এই আবেদনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন।