কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার সংলগ্ন বাসস্টেশনে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বাতাকান্দি বাজার পরিচালনা কমিটি। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মাইন উদ্দিনের উদ্যোগে সড়কে ডিভাইডার স্থাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার বাসস্টেশন এলাকায় গিয়ে ডিভাইডার স্থাপনের কার্যক্রম দেখা যায়। স্থানীয়দের মতে, বাজার ও বাসস্টেশন এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো। এতে পথচারী, যাত্রী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।
এ অবস্থায় জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংসদ সদস্যের নির্দেশনায় বাজার পরিচালনা কমিটি দ্রুত সড়কে ডিভাইডার স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে বাজার এলাকার যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
ডিভাইডার স্থাপনের কাজে বাজার পরিচালনা কমিটি, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, ডিভাইডার স্থাপনের ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
এ বিষয়ে বাতাকান্দি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. মাইন উদ্দিন বলেন, “বাতাকান্দি বাজার এলাকার যানজট নিরসন ও জনসাধারণের দুর্ভোগ কমাতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও বাজার উন্নয়ন ও জনস্বার্থে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বাতাকান্দি বাজার এলাকায় যানজট অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।