কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দৌড়ঝাঁপ শুরু করেছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাসের ত্যাগী নেত্রী রুবি ইসলাম। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তিনি আলোচিত।
জানা যায়, ২০০৯ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার-এর হাত ধরে রুবি ইসলাম বিএনপির রাজনীতিতে যোগ দেন। এরপর থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়ে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ২০১১ সালে তাকে তিতাস উপজেলা মহিলা দলের আহ্বায়ক, ২০১৬ সালে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি, ২০১৭ সালে তিতাস উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।তার কর্মে সন্তুষ্ট হয়ে উর্ধ্বতন নেতাকর্মীরা ২০২২ সালে রুবি ইসলামকে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিযুক্ত করেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততার কারণে সংরক্ষিত নারী আসনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন কুমিল্লা উত্তর জেলার অনেক নেতাকর্মী।
এ বিষয়ে রুবি ইসলাম বলেন, এটি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়। তৃণমূলের একজন পরীক্ষিত নারী কর্মী হিসেবে জাতীয় সংসদে দলের অবস্থান সুদৃঢ় করা এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখতে চাই। দল সুযোগ দিলে সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ইনশাআল্লাহ।