রংপুর নিজস্ব প্রতিনিধি: রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়। আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।
এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় পরবর্তী ঘটনাটি ঘটায়।