ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় প্রধান উপদেষ্টার ১৩ নভেম্বরের ভাষণ বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য দাবি যে পূরণ হয়নি—বৈঠকে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভ্রান্তি ও অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে বলেও নেতারা মত প্রকাশ করেন।
বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতির জটিলতা নিরসনে জাতীয় ঐক্য, জনআকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্থিতিশীলতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আগামীর বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দলীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠকের শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য সবার সহযোগিতা, দোয়া এবং ইতিবাচক ভূমিকা কামনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—সকলের সম্মিলিত প্রয়াসই জাতিকে সংকটমুক্ত, স্থিতিশীল এবং উন্নয়নমুখী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।