আলী আহসান রবি :
ঢাকা, ০৩ আগস্ট ২০২৬
বাংলাদেশে ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন।
বৈঠক চলাকালে, গীতাঞ্জলি সিং বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইউএন উইমেন-এর চলমান কর্মসূচিগুলো সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। ইউএন উইমেন-এর ম্যান্ডেট পূরণের প্রচেষ্টাকে সহজতর করতে বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থনের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী নারী ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের মতো জনকেন্দ্রিক উদ্যোগ চালু করা। তিনি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি মোকাবেলায় একটি গ্লোবাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগকে এগিয়ে নিতে ইউএন উইমেন-এর সমর্থন ও অংশীদারিত্ব কামনা করেন। তিনি নারী ও মেয়েদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব মোকাবেলায় ইউএন উইমেন-এর অব্যাহত সহযোগিতারও আহ্বান জানান।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের লক্ষ্যে জাতিসংঘের সংস্থাগুলোর অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আরও জোর দেন। তিনি মানবিক সহায়তা তহবিলের ঘাটতি পূরণ এবং মিয়ানমারে রোহিঙ্গা নারী ও মেয়েদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী এবং কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নারী মর্যাদা কমিশনের (সিএসডব্লিউ) ৭১তম অধিবেশন সম্পর্কিত বাংলাদেশের আসন্ন কার্যক্রম, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসন সনদ (সিডাও) বাস্তবায়ন সংক্রান্ত বাংলাদেশের জাতীয় প্রতিবেদন এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক পরবর্তী জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি-ডব্লিউপিএস) প্রণয়নের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করেন।