শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত পৃথক দুই অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন ও তাঁর সংগীয় ফোর্স। গত ২ আগস্ট রাত ৭:৩০ মিনিটে সাভার মডেল থানাধীন খাগান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) এবং মোঃ রবিয়াস মিয়া ওরফে রুবেল (২৮)।
অপরদিকে, এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় অভিযানে ৩ আগস্ট রাত ১:৪০ মিনিটে সাভারের আমিনবাজার এলাকা থেকে মোঃ কাজিম উদ্দিন (৪৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁর নিকট থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাজিম উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে। অভিযান শেষে ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, উদ্ধারকৃত মোট ১০০ পিস ইয়াবাসহ ধৃত ৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।