শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পরিচালিত এক বিশেষ অভিযানে ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সুমন মিয়া ওরফে বাবু (২২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় উদ্ধারকৃত ৯০ গ্রাম ওজনের এই ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং তাঁর সঙ্গে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন মিয়া ওরফে বাবু দিনাজপুর জেলার হাকিমপুর থানার কাকরাপালি বটতলী (গুচ্ছ গ্রাম) এলাকার মোঃ মঞ্জু মিয়া ও মোসাঃ মমতাজ বেগমের ছেলে। বর্তমানে তিনি সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। ডিবি পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই কঠোর জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।