নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত গোলাম মোস্তফার ছেলে ইকবালের বিরুদ্ধে দুই সাংবাদিককে মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ (ইমো) কল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি, অশালীন ভাষায় গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, মাদক-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত ইকবাল, যিনি জামাল উদ্দিন ওরফে সুদি খোকনের ছোট ভাই হিসেবে পরিচিত, ক্ষুব্ধ ও উগ্র আচরণ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রথমে দৈনিক সরেজমিন বার্তা-এর সিনিয়র স্টাফ রিপোর্টারকে মোবাইল ফোনে কল করে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
পরে একই অভিযোগের কপিসহ সংবাদ Daily State Post-এ প্রকাশিত হলে, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সারজিদ আহমেদ অপুকে একাধিকবার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ (ইমো) কল দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং তা না করলে “খেলা হবে” বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া অভিযুক্ত ব্যক্তি সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারমূলক মন্তব্য, দৈনিক সরেজমিন বার্তা-কে নিয়ে কটূক্তি এবং সাংবাদিকদের “ভাড়াটিয়া সাংবাদিক” বলে আখ্যায়িত করেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে, তিনি সাংবাদিকদের অন্য একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করার অভিযোগ তুলে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেক আইডি ব্যবহার করে ধারাবাহিকভাবে অশালীন ভাষায় গালিগালাজ, মানহানিকর মন্তব্য এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। এসব কার্যক্রমে অভিযুক্ত ইকবালের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন তথ্য-উপাত্তে প্রতীয়মান হয়েছে বলেও তারা দাবি করেছেন।
এ ঘটনায় ইতোমধ্যে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার কপি সংরক্ষিত রয়েছে। জিডি গ্রহণের পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।