আহসানুল্লাহ খান, নিজস্ব প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সম্মানিত চেয়ারম্যান মীর নাদিয়া নীভিন-এর সঙ্গে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা খাতের বর্তমান অবস্থা, চলমান সংস্কার কার্যক্রম, গ্রাহকসেবা, সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এ সভায় খোলামেলা আলোচনা হয়।
সভায় দৈনিক মুখপাত্র-এর বার্তা সম্পাদক এম হোসাইন আহমদ আইডিআরএ চেয়ারম্যানের হাতে সৌজন্য স্মারক হিসেবে দৈনিক মুখপাত্র এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিশেষ সংখ্যা তুলে দেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় অংশ নিয়ে আইডিআরএ চেয়ারম্যান বীমা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে বাস্তবভিত্তিক ও গঠনমূলক পরামর্শ আহ্বান করেন।
সভায় সাংবাদিকরা বীমা শিল্পকে আরও স্বচ্ছ, আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং খাতটির সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিক অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সভায় এম হোসাইন আহমদ বীমা শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, মেয়াদপূর্তির পর কোনো গ্রাহকের বীমা দাবি বা পাওনা অর্থ পরিশোধে অযৌক্তিক বিলম্ব হলে, বিলম্বকালীন সময়ের জন্য গ্রাহকের জমাকৃত অর্থের ওপর উপযুক্ত মুনাফা বা ক্ষতিপূরণ দেওয়ার নীতিমালা প্রণয়ন করা উচিত।
এছাড়া তিনি উল্লেখ করেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ন্ত্রিত স্থানান্তরের ফলে অনেক সময় গ্রাহকরা অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে পড়েন। এ বিষয়ে গ্রাহকের স্বার্থ সুরক্ষায় একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
এম হোসাইন আহমদ আরও প্রস্তাব করেন, বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনের আগে আইডিআরএর নির্ধারিত যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি যেসব বীমা কোম্পানির উদ্যোক্তা বা মালিকপক্ষ দীর্ঘদিন দেশে অবস্থান করেন না কিংবা পরিচালনা পর্ষদের সভায় সরাসরি উপস্থিত না থেকে নিয়মিত ভার্চুয়ালি অংশ নেন, তাদের কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
চেয়ারম্যান মীর নাদিয়া নীভিন প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো যথাযথভাবে লিপিবদ্ধ করে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন প্রতিষ্ঠায় সকল অংশীজনের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভাকে বীমা খাতের সংস্কার ও উন্নয়নের পথে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।