কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিন অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, হোমনার সিএনজি স্টান্ডগুলোতে চাঁদাবাজের আখড়ায় পরিনত হয়েছে। কিন্তু তাঁর (হাসনাত আব্দুল্লাহ’র) উপজেলায় কোন সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নেই উল্লেখ্য করে খোঁজ নিতে বলেন। তিনি আরো বলেন, “আমি মাফিয়াদের সাথে কম্প্রোমাইজ করিনা-সে জন্য আমার এলাকার সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি চলে না।
এছাড়াও জনগণ দেশের প্রকৃত মালিক উল্লেখ্য বলেন, ” জনগণের অধিকার ও মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই নতুন প্রজন্ম জীবন দিয়েছে। তারা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে, তা এখনো পূরণ হয়নি বরং আবারো বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে।
তিনি বলেন, গত কয়েক মাসে দেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের পরিবর্তে ধর্ষণ, খুন, চাঁদাবাজি ও নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দোহাই দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মোটরবাইক ও অটোরিকশার ওপর কর আরোপের সমালোচনা করে তিনি বলেন, “না জানি কোনো দিন কথার ওপরও ট্যাক্স বসায়।”
মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করলেই অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। এ সংস্কৃতি বন্ধের দাবি জানান তিনি এবং মাজার ও মন্দিরে হামলা করা যাবে না জানিয়ে এসব ধর্মীয় উপাসনালয় নিরাপদ ও নিরাপত্তা দিতে হবে বলেন।
রবিবার (১৭ মে) বিকেলে কুমিল্লার হোমনা পৌর বালুর মাঠে এনসিপি আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহম্মেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় যেভাবে মন্দির পাহারা দেওয়া হয়েছিল, একইভাবে মাজারে হামলা ও ভাঙচুর প্রতিরোধেও এনসিপি সক্রিয় ভূমিকা পালন করবে। মসজিদ, মন্দির ও মাজারে হামলা বন্ধ করতে হবে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে।
প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “কারও অন্যায় নির্দেশ মানবেন না, অতি উৎসাহী হয়ে কোনো কাজ করবেন না। মনে রাখবেন, জনগণের টাকার উন্নয়নের হিসাব জনগণ পাই-পাই করে বুঝে নেবে। বর্তমান প্রজন্ম ব্যর্থ হলে ভবিষ্যতের আলফা প্রজন্ম আন্দোলনের মাধ্যমে হিসাব বুঝে নেবে।”
জুলাই সমন্বয়ক ইউনুস আহাম্মদের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম মুখ্য সংগঠক নাভিদ নেওরোজ শাহ, মো. রিয়াজুর হক, মো. ইয়ামিন, তারিকুল ইসলাম, আ. রহিম, আবু সাইদ সরকারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে মো. রাজু আহম্মদ সরকারকে এনসিপি’র মনোনীত পৌর মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সংবাদ সংগ্রহ সাংবাদিক এম,এ,কাসেম।