আলী আহসান রবি :
তারিখঃ ১৫ মার্চ ২০২৬ খ্রিঃ
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী মোঃ আরিফ হাওলাদার (২১), পিতা- মোঃ সিদ্দিক হাওলাদার, থানা-মাদারীপুর, জেলা- মাদারীপুর’কে অদ্য ১৫ মার্চ ২০২৬ ইং তারিখ গ্রেফতার করেছে র্যাব-২।
এক শ্রেণীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদ্ধতিতে জাল টাকা তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। জাল টাকা তৈরী থেকে শুরু করে বাজারজাত করণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে স্তর ভিত্তিক লোক কাজ করে। দেশের সাধারণ জনগন ও ব্যবসায়ীদেরকে জাল টাকার মাধ্যমে প্রতারিত হওয়া থেকে রক্ষার জন্য জাল টাকা ও চক্রকে ধরার পাশাপাশি বাজার থেকে জাল নোট উদ্ধারের লক্ষে র্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৫/০৩/২০২৬ ইং তারিখ মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তা এলাকা হতে জাল টাকা বিক্রির সময় অভিযান পরিচালনা করে মোঃ আরিফ হাওলাদার (২১) কে গ্রেফতার করে তার নিকট হতে বাংলাদেশী ১০০০ টাকার জালনোট (যার পরিমান ৩,০০,০০০/- টাকা) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জাল টাকা তৈরীর সংঘবদ্ধ চক্রের সদস্য। সে পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফট্ওয়্যার ও বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরী করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বিক্রিসহ প্রতারণা করে আসছিলো। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।