রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ইসলামে নেতা নির্বাচন ও নেতৃত্বের দায়িত্ব: কোরআন-হাদিসের আলোকে একটি পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ফারজানা ফেরাবী, ধর্মীয় ডেক্সঃ ইসলামে নেতৃত্ব কেবল একটি পদ নয়; এটি এক বিশাল আমানত ও দায়িত্ব। একজন নেতা সমাজ, সংগঠন বা রাষ্ট্রের দিকনির্দেশনা নির্ধারণ করেন। তাঁর চরিত্র, নৈতিকতা ও সিদ্ধান্তের প্রভাব সরাসরি জনগণের কল্যাণ-অকল্যাণে পড়ে। তাই ইসলামে নেতা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে—নেতা হবেন সেবক, ক্ষমতালোভী নয়; ন্যায়পরায়ণ, স্নেহশীল ও জনগণের কল্যাণকামী।

নেতৃত্বের গুরুত্ব ও নির্বাচন-নীতি
নেতা নির্বাচনে বিচক্ষণতা জরুরি। ভুল নেতৃত্ব পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে নবী (সা.)-কে উদ্দেশ করে বলেছেন, “আপনি যদি কর্কশভাষী ও কঠোর স্বভাবের হতেন, তবে লোকেরা আপনার আশপাশ ছেড়ে চলে যেত।” (সুরা আল-ইমরান: ১৫৯)। অর্থাৎ নেতৃত্বের মূল শক্তি নম্রতা ও মানবিকতা।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নেতা হবেন জনগণের সেবক।” (মিশকাতুল মাসাবিহ)। মহানবী (সা.) নেতৃত্বের জন্য যোগ্যতা, সততা ও দক্ষতাকেই মানদণ্ড করেছেন। স্বজনপ্রীতি বা পক্ষপাত তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমি এমন কাউকে দায়িত্ব দেব না, যে তা পাওয়ার জন্য আগ্রহী।” (মুসলিম)। কারণ চেয়ে নিয়ে পাওয়া দায়িত্বে আল্লাহর সাহায্য কম থাকে, আর না চাইতেই পাওয়া দায়িত্বে আল্লাহ সাহায্য করেন।
যোগ্য নেতার মৌলিক গুণাবলি
ইসলামে একজন যোগ্য নেতার কয়েকটি প্রধান গুণাবলি উল্লেখ করা হয়েছে—
১. স্নেহশীল ও দয়ালু হওয়া:
নবী (সা.)-এর গুণাবলি বর্ণনায় আল্লাহ বলেন, “তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু।” (আত-তাওবা: ১২৮)। দয়ার্দ্র নেতা সমাজে শান্তি ও আস্থা প্রতিষ্ঠা করেন।
২. ধৈর্যশীল ও স্থিরচেতা হওয়া:
ধৈর্য নেতৃত্বের সৌন্দর্য। সুরা আসরে বলা হয়েছে, যারা ঈমান আনে, সৎকর্ম করে, সত্য ও ধৈর্যের উপদেশ দেয়—তারাই সফল। (সুরা আসর: ১-৩)
৩. হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামী হওয়া:
নেতা শুধু নিজের গোষ্ঠীর নয়, সবার কল্যাণ চাইবেন। হজরত জাবের (রা.)-এর বর্ণনায় রাসুল (সা.) শত্রু গোত্রের জন্যও হিদায়াতের দোয়া করেছেন (তিরমিজি)। এটি নেতার মহানুভবতার দৃষ্টান্ত।
৪. পরামর্শ গ্রহণকারী হওয়া:
নবী (সা.) সাহাবিদের সঙ্গে নিয়মিত পরামর্শ করতেন। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.)-এর চেয়ে বেশি পরামর্শকারী কাউকে তিনি দেখেননি। (তিরমিজি)।
৫. সহজ আচরণ ও সুসংবাদদাতা হওয়া:
রাসুল (সা.) বলেছেন, “সহজ আচরণ করো, কঠিন কোরো না; সুসংবাদ দাও, বিমুখ কোরো না।” (বুখারি: ৬৯)। নেতার আচরণ মানুষকে কাছে টানে।
৬. লোভমুক্ত ও দায়িত্বশীল হওয়া:
ক্ষমতা বা পদলোভ নেতৃত্বকে কলুষিত করে। তাই নেতা নির্বাচনে লোভীকে বাদ দেওয়ার নির্দেশ আছে। (মুসলিম)
৭. সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করা:
এটি নেতার প্রধান দায়িত্ব। রাসুল (সা.) বলেন, কোনো সমাজে গুনাহ থামাতে শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ বাধা না দেয়, তবে আল্লাহর আজাব নেমে আসে। (আবু দাউদ)
নেতার জন্য সতর্কবার্তা ও শাস্তির কথা
হাদিসে নেতাদের জন্য কঠোর সতর্কতা এসেছে। রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জনগণের সঙ্গে প্রতারণা করে নেতৃত্ব দেয়, তার জন্য জান্নাত হারাম। (বুখারি)। আর যে নেতা জনগণের প্রয়োজন থেকে মুখ ফিরিয়ে রাখে, কেয়ামতের দিন আল্লাহ তার প্রয়োজন থেকেও মুখ ফিরিয়ে নেবেন। (আবু দাউদ)
আরও বলা হয়েছে, যদি যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্যকে নেতা করা হয়, তবে তা আল্লাহ, রাসুল ও মুমিনদের সঙ্গে খেয়ানত। (মুসতাদরাকে হাকিম)
আনুগত্যের সীমা
ইসলামে শৃঙ্খলা রক্ষার জন্য বৈধ নেতৃত্বের আনুগত্যের নির্দেশ আছে। তবে তা আল্লাহ ও রাসুলের নির্দেশের বিরোধী না হলে। অর্থাৎ ন্যায়ের পথে আনুগত্য, অন্যায়ে নয়।
মহানবীর আদর্শ নেতৃত্ব
মানবসভ্যতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের উদাহরণ রাসুলুল্লাহ (সা.)। তাঁর জীবন ছিল সত্য, বিশ্বাস, আশা ও ভালোবাসায় পরিপূর্ণ। তিনি শাসক হয়েও ছিলেন সেবক। তাঁর প্রশাসনে নিয়োজিতরা নিজেদের জনগণের খাদেম ভাবতেন।

উপসংহার
ইসলামে নেতা নির্বাচন ও নেতৃত্বের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। নেতা যেন হন ন্যায়পরায়ণ, স্নেহশীল, ধৈর্যশীল ও জনগণের কল্যাণকামী—এটাই ইসলামের নির্দেশ। সমাজের প্রতিটি স্তরে যদি আমরা এই আদর্শ অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করি, তবে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে। নেতৃত্ব হবে ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানবতার সেবা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102