দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের শুধু কর্মসংস্থান নয় বরং মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে।
——-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ :
আলী আহসান রবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যুবাদের এবং তৃতীয় লিঙ্গের জেন্ডারদের কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি অর্জনে কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি মাইলফলক। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের শুধু কর্মসংস্থান নয় বরং মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আজ ঢাকায় মিরপুরে ইউসেপ কমপ্লেক্সে ইউসেপ বাংলাদেশ জেন্ডার ডাইভার্স কমিউনিটি এবং জুলাই ২০২৪ আন্দোলনে অংশগ্রহণকারী যুবাদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি বিস্তৃত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন ড. ওবায়দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড.মো. আবদুল করিম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সিভিল সোসাইটি প্রতিনিধি, ইউসেপ কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বক্তৃতা উপদেষ্টা বলেন, আমরা সাম্যের স্বপ্ন দেখি, গণতন্ত্রের স্বপ্ন দেখি। ৭১, ৯১, ২৪ এর আন্দোলনে বারবার যেখানে মানুষ স্বপ্নের কথা বলেছে কিন্তু স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি। ২৪ এর আন্দোলনে এই দেশের যখন মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে মোড় ঘুরিয়ে দেবার। ৭১এর পরে আমরা যা পারিনি , ২৪ এর পরে তাই তাইই করতে হবে। ২৪ এর চেতনাকে বাস্তবায়নের রূপ দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, একটি দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সর্বোচ্চ উন্নত দেশগুলোর উন্নয়ন দেখলে দেখা যায় সে দেশের জনগোষ্ঠী এবং রাষ্ট্র মিলেই উন্নতির শিখরে পৌছাতে পেরেছে। আমাদের দেশের উন্নয়নে সকল জনগোষ্ঠী এবং রাষ্ট্র মিলেই এগুতে পারি তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো।
তিনি আরো বলেন , সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রান্তিক দুর্বল জনগোষ্ঠী স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। নারী নির্যাতন রোধেও আমার মন্ত্রণালয় কাজ করছে। বাস স্টোপেজে, পরিবহণে নারী নির্যাতন রোধে তৃতীয় লিঙ্গের জেন্ডাররা যদি ড্রাইভিং শিখে বাসগাড়ি ড্রাইভিং করতে পারে তাহলে এসকল স্থানে তাদের সহযোগিতায় নারী নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, হিংসাত্মক মনোভাব নয়, ভালোবাসার দিক দিয়ে যদি এদেশ ও মানুষকে দেখি তাহলে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী।
উপদেষ্টা ইউসেপ কমপ্লেক্সে কর্মসূচির আওতায় পরিচালিত কেয়ারগিভিং, জাপানি ভাষা, এবং গ্রাফিক ডিজাইন কোর্স প্রদর্শন করেন এবং ইউসেপ বাংলাদেশের উইমেন্স কর্নারের উদ্বোধন করেন । এসময় তিনি বলেন,এ কর্মসূচি শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয় বরং অংশগ্রহণকারীদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথ উন্মুক্ত করবে।