কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের। তাঁদের আত্মত্যাগের কারণেই আমরা এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলাই কেন হয়েছিল? জুলাই হয়েছিল মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে। জুলাই হয়েছিল অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের প্রতীক হিসেবে। এই আন্দোলন ছিল জনগণের অধিকার আদায়ের আন্দোলন।
তিনি আরও বলেন, এই ইতিহাস কোনো ব্যক্তি বা দলের একার নয়; এটি দেশের মানুষের সংগ্রামের ইতিহাস। তাই জুলাইয়ের আত্মত্যাগকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা উচিত নয়। এই ইতিহাসকে বিকৃত করা কিংবা এ নিয়ে দালালি করার কোনো সুযোগ নেই। “জুলাই নিয়ে দালালি চলবে না। কেউ সেই চিন্তা করবেন না।”
তিনি বলেন, আমরা শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে চাই। তাঁদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আমরা সেই আদর্শ ধারণ করে মানুষের পাশে থাকতে চাই এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে চাই।
তিনি হোমনা-তিতাসবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
পরিশেষে তিনি জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করেন।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞ প্রমুখ।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (তিতাস সাব-জোনাল অফিস)-এর সহকারী জেনারেল ম্যানেজার হোসেন মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, মিজানুর রহমান ভুলু সিকদার, আক্তারুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, শাহজাহান সওদাগর, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।