আলী আহসান রবি :
ঢাকা, ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার):
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম আজ বৃহস্পতিবার কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
উদ্বোধনকালে মাননীয় প্রশাসক বলেন,
“ডিএসসিসি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের পর থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির সকল বর্জ্য ল্যান্ডফিলে অপসারিত হবে। আজ রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি পরিচ্ছন্ন নগরী বজায় রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে আমি সম্মানিত নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।”
বর্জ্য অপসারণ কার্যক্রমের উল্লেখযোগ্য প্রস্তুতিসমূহ:
• জনবল নিয়োগ: ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে মোট ১৩,৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
• প্রথম দিনের লক্ষ্যমাত্রা: কার্যক্রমের প্রথম দিনে প্রায় ১৫,৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
• সার্বিক পরিকল্পনা: ঈদের ৩ দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে সর্বমোট ৩৩,৯৪২ টন বর্জ্য অপসারণের ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে সব স্তরের নগরবাসীর আন্তরিক ও সহযোগিতামূলক মনোভাব কামনা করছে।