আলী আহসান রবি :
১০ মে, ২০২৬ (রবিবার),
বাংলাদেশ সচিবালয়
“রাশিয়ায় ‘মানব পাচার’: বাংলাদেশের ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা” শিরোনামে ১০ মে, ২০২৬ (রবিবার) The Daily Star বাংলায় প্রকাশিত প্রতিবেদনটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মানবপাচারের সঙ্গে জড়িত এজেন্সিটির নাম DREAM HOME TRAVELS (Dream Home Travels and Tours Limited নয়) ।
গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশী” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যাচাইয়ে জানা যায় যে, DREAM HOME TRAVELS (সনদ নং-০০১২০২১), স্বত্বাধিকারীঃ এম এম আবুল হাসান, এর ট্রাভেল এজেন্সি সনদের মেয়াদ ০৩.০৪.২০২১ তারিখে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাধ্যতামূলক। এজন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সির নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত যাবতীয় কার্যাদি অনলাইনে সম্পন্ন করতে হয়।
নিবন্ধন এবং নিবন্ধিত এজেন্সির যথাসময়ে নবায়ন ব্যতিরেকে ট্রাভেল এজেন্সি ব্যবসা করা বেআইনি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিবন্ধন গ্রহণের পর অনেক ট্রাভেল এজেন্সি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও কিংবা নিবন্ধন ছাড়াই ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে এবং গ্রাহকের সাথে বিভিন্ন প্রতারণা ও হয়রানি করছে। এই হয়রানি ও প্রতারণা রোধকল্পে অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ এজেন্সির সাথে আকাশ পথে ভ্রমণ কিংবা ট্রাভেল ও ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উপরে বর্ণিত ট্রাভেল এজেন্সি (DREAM HOME TRAVELS)সহ যেকোন ট্রাভেল এজেন্সি নিবন্ধিত কিংবা মেয়াদোত্তীর্ণ কিনা তা টিকেট বা ট্যুর প্যাকেজ ক্রয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যাচাই করে নিতে হবে যাতে সম্মানিত ভ্রমণকারীগণ কোনো ধরণের আর্থিক ক্ষতি কিংবা প্রতারনার সম্মুখীন না হন।