তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :
ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতাকির্মীরা নিয়ে মহড়া দেয়। এসময় উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। শনিবার বিকাল সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের অফিস থেকে সরকারী সার ও বীজ উদ্ধারের ঘটনা নিয়ে জামায়াত প্রতিবাদ সমাবেশের আয়োজ করে। জামায়াত ঘটনাটি মিথ্যা ও স্থানীয় বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করে অপপ্রচারের অভিযোগ এনে সুরাট বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন। বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও আলমগীর হোসেন প্রমুখ।
জামায়াত নেতারা অভিযোগ করেন, ৫ আগষ্টের পর ঝিনাইদহে জামায়াতের সমর্থন বৃদ্ধি পাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এ কারণে তারা পরিকল্পিত ভাবে সার উদ্ধারের নাটক সাজিয়ে জামায়াতকে দোষারোপ করছে।
এদিকে বক্তব্য চলাকালে স্থানীয় বিএনপি কর্মী ও ইউনিয়ন মহিলা দলের আহ্বায়কের ছেলে মামুন হোসেনের নেতৃত্বে বিএনপি কর্মীরা সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুরাট বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি নেতা বিল্লাল হোসেন জানান, জামায়াতের সমাবেশ শেষ হওয়ার পর পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি মহাসত্য বলে দাবী করেন। তিনি বিএনপির পাল্টা সমাবেশে অভিযোগ করেন, বিএনপি কোন নাটকে বিশ্বাসী নয়, শুক্রবার রাতে জামায়াত অফিস থেকে সরকারী সার ও বীজ উদ্ধার করে নিয়ে গেছে কৃষি বিভাগ। কাজেই বিএনপি কখনো মিথ্যা প্রচারে বিশ্বাসী নয়।