আলী আহসান রবি :
ঢাকা, ২৩ জুলাই ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) অংশগ্রহণকারীদের প্রতি রাখাইন রাজ্যে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গার স্বদেশে প্রত্যাবর্তনের সুবিধার্থে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টাকে সম্মিলিতভাবে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। আজ ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “রোহিঙ্গারা পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন নয় — তাদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা করা হয়েছে। এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, যার জন্য একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর আসন্ন সভাপতিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো অবশ্যই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে। তিনি সকল রাষ্ট্রকে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থায় বর্ধিত আঞ্চলিক সহযোগিতা প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তির সাথে সম্পর্কিত সুযোগ ও ঝুঁকির ওপর আলোকপাত করে তিনি এমন একটি আঞ্চলিক প্রযুক্তি শাসন কাঠামো অন্বেষণের প্রস্তাব দেন যা এই অঞ্চলের অনন্য ভূ-রাজনৈতিক ও উন্নয়নমূলক বাস্তবতাকে প্রতিফলিত করবে।
এছাড়াও, পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, মানবিক সহায়তা, বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমর্থনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রীরা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রহমানকে অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে সহযোগিতার আশ্বাস দেন।