আলী আহসান রবি :
ঢাকা, ১৭ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মো. হানিফ কাজী (৫১) ও ২। মো. রশিদুল ইসলাম (২৫)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্য মো. হানিফ কাজী ও মো. রশিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা প্রথমে রিকশার যাত্রী সেজে গন্তব্যে যায়। পরে চালককে বিভিন্ন অজুহাতে দোকান থেকে সিগারেট বা অন্য কোনো মালামাল আনতে পাঠিয়ে সুযোগ বুঝে ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এভাবে তারা প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।
ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।