কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দিতে জমি-সংক্রান্ত বিরোধে সংঘটিত হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ জুন ২০২৬ সকাল ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়ির সামনে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৫৪)-এর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৯ জুন ২০২৬ তারিখে পেনাল কোডের বিভিন্ন ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রেজোয়ানুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার এজাহারভুক্ত চার আসামি—মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. বাবু মিয়া (২২), মোছা. শাহানারা বেগম (৩৮) ও মো. হানিফকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।