শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল পাবনা টেক রুপায়ন মাঠ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোঃ রনি (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তার একটি হাতের কবজি উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রনি নেত্রকোনা জেলার বাসিন্দা রিপন মিয়ার ছেলে। তিনি ভাদাইল এলাকার বাড়িওয়ালা ইমরান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভাড়া বাসার একটি কক্ষে রনি যখন ককটেল তৈরি করছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় রনির হাতসহ পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।
ঘরের চারদিকের দেয়ালে ও মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ে। বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন অবস্থায় রনিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
এলাকাবাসীর দাবি, রনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এর আগেও তিনি বেশ কয়েকটি জায়গায় বোমা নিক্ষেপ ও ককটেল বানিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন। এবারও কোনো বড় ধরনের নাশকতা বা অপরাধ ঘটানোর উদ্দেশ্যে তিনি ঘরে বসে ককটেল তৈরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুজ্জামান এবং (এসআই) মোঃ তালেব সঙ্গীও ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। আহত রনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।