শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৩৮ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জমির দলিল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। শুধু চুরিই নয়, দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করেছে বলেও জানা গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতা ও ইভটিজিংয়ের জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
আজ ২ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার রূপায়ণ মাঠ-১ নং গেট সংলগ্ন মো. হারুনুর রশিদের (পিতা: মো. হোসেন আলী) বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছাঃ চাঁদনী জানান, ঘটনার দিন দুপুরে তিনি চাকরি শেষে বাসায় ফিরে ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। পরে ঘরে তল্লাশি চালিয়ে তারা দেখতে পান যে ড্রয়ারে থাকা নগদ ৩৮ হাজার টাকা, প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার এবং জমির মূল দলিলপত্র উধাও হয়ে গেছে। এছাড়া ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিগত প্রায় দুই মাস ধরে অভিযুক্তদের সাথে তাদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই পরিবারের এক তরুণীকে ইভটিজিং করাসহ চাঁদনীকে বিভিন্ন সময় অশালীন প্রস্তাব দিয়ে আসছিল। এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এর আগেও ভুক্তভোগী পরিবারটি আশুলিয়া থানায় দুটি অভিযোগ দায়ের করেছিল। পরিবারটির জোরালো ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই চুরির নাটক সাজানো হয়েছে।
এই চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের চাচাতো ভাই রিপন (২২), তার সহযোগী বাবু (২০), রিফাত (১৮) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে সরাসরি সন্দেহ করছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আবারও আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।