তাসনিম মুহসিন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা আর গ্রামীণ সড়ককে টেকসই করার প্রত্যয়ে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে ৫০০টি বৃক্ষরোপণের বিশেষ কর্মসূচি। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এলজিইডি কালীগঞ্জের এই উদ্যোগ এখন এলাকাবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর থেকে সুন্দরপুর-পান্নাতলা সড়ক পর্যন্ত এলাকায় এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু তালিব।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু তালিব বলেন, “সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ সড়ককে আরও টেকসই করা এবং পরিবেশ সংরক্ষণে এই ৫০০টি চারা রোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন ও এলজিইডির এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালীগঞ্জের সর্বস্তরের জনগণ।