ডেস্ক রিপোর্ট, কুমিল্লা :
নদী-নালা, খাল-বিল আর সবুজে ঘেরা আমাদের এই চিরচেনা রূপসী বাংলা। কিন্তু জলবায়ু পরিবর্তন আর অসচেতনতার করাল গ্রাসে আজ বিপন্ন আমাদের চারপাশের পরিবেশ। ঠিক এই মুহূর্তে, কুমিল্লার তিতাস উপজেলার পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এক নতুন আশার আলো জ্বলে উঠেছে।
দেশের শীর্ষস্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ বা— বাপা-এর তিতাস উপজেলা শাখা কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। তিতাসের পরিবেশগত বিপর্যয় রোধ, নদী ও জলাশয় রক্ষা এবং সর্বস্তরের মানুষের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো এই নতুন কমিটি।
বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশপ্রেমীদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক প্রভাষক হালিম সৈকত ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল। সাত সদস্যের উপদেষ্টা কমিটি ও ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটির মূল লক্ষ্য— তিতাস নদী রক্ষা, প্লাস্টিক দূষণ রোধ, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করা এবং নতুন প্রজন্মকে সবুজায়নে উদ্বুদ্ধ করা।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ। তিতাসের বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী তিতাস নদীকে দূষণমুক্ত করা এবং ফসলি জমি রক্ষা করা এখন সময়ের দাবি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অঙ্গীকার করেন, তারা কেবল কাগজের কলমে নয়, বরং মাঠপর্যায়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কুমিল্লার সাবেক সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দীন আহমেদ।
সভাপতিত্ব করেন, জাতীয়ভাবে সরকার কর্তৃক ঘোষিত এআইপি অধ্যাপক মতিন সৈকত।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসুদ, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী মাজহারুল ইসলাম, দাউদকান্দি উপজেলা বাপার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজান তালুকদার প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, লেখক শাহজামান শুভ, সাবেক ওসি আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মাহবুবুল আলম ও তিতাস উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
স্বাগত বক্তব্য রাখেন তিতাস উপজেলা বাপার নব নির্বাচিত সভাপতি সাংবাদিক হালিম সৈকত।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠক ও সমাজকর্মী মোঃ শরীফুল ইসলাম।
শনিবার (২০ জুন) দুপুর ৩ টায় ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে কলেজ ক্যাম্পাসে একটি নাগচূড়া ও একটি বকুল ফুলের চারা রোপণ করে সংগঠনের নেতৃবৃন্দ। অতিথিদের ফুল দিয়ে বরণ, পরিচয় পর্ব, আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়।